তিনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে সরকারি সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। টয়লেট, ভিজিএফ কার্ড বা জেলে কার্ড বিতরণে অনিয়ম হলে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এসব বিষয়ে সচেতন না হলে অতীতের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।
শুক্রবার বিকেলে কমলনগরের চর লরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে আয়োজিত ‘কমলনগর গর্ব সম্মাননা পদক-২০২৬’, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজন করে সামাজিক সংগঠন সানরাইজ ক্লাব।
সংগঠনের সভাপতি ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান এবং কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল আলম।
হুইপ নিজান হুঁশিয়ারি দিয়ে বলেন, নদীতে অবৈধ মাছ ধরা বা সড়কে দখলদারিত্বের মতো কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। দলমত নির্বিশেষে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীর নির্বাচন হবে সুষ্ঠু ও স্বচ্ছ। জোর করে নির্বাচনে জেতার সুযোগ থাকবে না, জনগণের ভোটেই সিদ্ধান্ত নির্ধারিত হবে।
মাদকবিরোধী অবস্থান জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু কথায় নয়, সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষকদেরও নিজ নিজ দায়িত্বে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মাননা পদক সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার প্রস্তাবের জবাবে তিনি বলেন, জনগণের উদ্যোগে করা কাজ নিজেদের হাতে থাকাই ভালো। সরকার সহযোগিতা করতে পারে, তবে পুরো বিষয় সরকারি নিয়ন্ত্রণে গেলে স্বতঃস্ফূর্ততা কমে যেতে পারে।
তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ছে। দীর্ঘ সময় সংকট চললে সবাইকে সাশ্রয়ী হতে হবে। প্রয়োজন হলে অতীতের মতো প্রস্তুতিও নিতে হতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ জন গুণীজনকে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ দেওয়া হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয় এবং ১৪ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।