সোমবার (১ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি লেখেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর তাকে বিশেষভাবে ব্যথিত করেছে। তিনি উল্লেখ করেন, “বহু বছর ধরে বেগম জিয়া বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
মোদি আরও জানান, প্রয়োজন হলে ভারত যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তার ভাষায়—বাংলাদেশের এই বর্ষীয়ান নেত্রীর সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।
গত রোববার নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার মেডিকেল টিম তাকে সংকটাপন্ন ঘোষণা করে। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে এবং তাতে তিনি কিছুটা সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানান, খালেদা জিয়ার অবস্থা এখনো অত্যন্ত নাজুক। তার ভাষায়, “এটাকে কার্যত ভেন্টিলেশন-সমমান ধরে নেওয়া যায়।”
দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও চোখের নানা রোগে ভুগছেন খালেদা জিয়া।