রাত ৯টা ২৬ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা ট্রাকটিতে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বালু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
ট্রাকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজগর হোসেন বলেন, থানার সামনে জব্দ করা গাড়িটি সরানোর সময় ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ওসি বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় ওপর থেকে নিচের দিকে কয়েকটি ককটেল ছোড়ার অভিযোগ ওঠে। স্থানীয়দের ভাষ্য, এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা নিচে এসব ককটেল নিক্ষেপ করে।
ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা। পরে সড়কের ওপর ককটেলের খোসা পড়ে থাকতে দেখা যায়। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
একই রাতে অল্প সময়ের ব্যবধানে থানার সামনে জব্দ করা গাড়িতে আগুন এবং এক্সপ্রেসওয়ে থেকে ককটেল নিক্ষেপের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই আগুন লাগা ও ককটেল নিক্ষেপের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।