বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, কুমিল্লায় ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে এখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, এটি রাজনৈতিক বিতর্কের মঞ্চ নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তথ্য ও প্রমাণের ভিত্তিতে কথা বলা প্রয়োজন। এ সময় তিনি বলেন, “ছাত্রদলের রাজনীতির সঙ্গে আমারও সম্পৃক্ততা ছিল। আপনারও অনেক আগে ঢাকায় ছাত্রদল করেছি।”
পরে ফখরুল ইসলাম মিঠু বলেন, বিভিন্ন সময় তথ্য দেওয়ার পরও অনেক ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এর উত্তরে এসপি বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের কারণে কাউকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত না করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ উত্থাপন করা উচিত। অভিযোগ পেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘ সময়ের নানা সংকট কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরছে এবং চলমান বিচারিক প্রক্রিয়াগুলোও এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।