সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর খাত, শ্রমবাজার, শিক্ষা, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মাহদী আমিন জানান, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ৩৩ দফা সম্বলিত একটি যৌথ বিবৃতিতে সম্মত হয়েছে দুই দেশ।
তিনি বলেন, বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের আইনগত সহায়তা ও মুক্তির বিষয়েও সহযোগিতা চাওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এআই, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় জোরদার করে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মাহদী আমিন বলেন, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।