সোমবার (৩১ আগস্ট) আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দীর্ঘপাল্লার মার্কিন ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক ড্রোনগুলোর একটি। ইরানি সূত্রের দাবি অনুযায়ী, ড্রোনটির মূল্য কয়েকশ কোটি টাকার বেশি।
বিবৃতিতে ইরানি জনগণের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। আইআরজিসি বলেছে, জনগণের অব্যাহত উপস্থিতি ও সমর্থন দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য বড় উৎসাহ হিসেবে কাজ করছে।
এর আগে রোববার লারাক দ্বীপে ইরানের দুটি লঞ্চার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন এক কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছিল।
মার্কিন অভিযানে এমন কিছু স্থাপনাকে লক্ষ্য করা হয়, যেগুলো হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহন করতে সক্ষম রকেট উৎক্ষেপণের প্রস্তুতিতে ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
আইআরজিসির দাবি, মার্কিন হামলায় তাদের কয়েকজন সদস্য ও বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়েছেন। এ ঘটনার জবাব দেওয়ার অঙ্গীকারও করেছে ইরানের এই বাহিনী।