আলোচনায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের সংশোধিত সংস্করণ নিয়ে কথা হতে পারে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা।
এদিকে নিউইয়র্কেই অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পুনরায় চালুর শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছেন তিনি। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান চাইলে ইরান সেই সমাধানের প্রস্তাব ইতোমধ্যে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ইরানের প্রস্তাবে লেবানন ও ইরানে সংঘাত বন্ধ, ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদের ওপর জব্দাদেশ প্রত্যাহার, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয় রয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানিয়েছে ইরান। পাশাপাশি দেশটির পারমাণবিক কর্মসূচি ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনার সুযোগও রাখা হয়েছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। অর্থনৈতিক চাপের কারণে ইরান দ্রুত চুক্তিতে যেতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধ শুরু হয়। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। হরমুজসহ গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক তেলবাজারেও এর প্রভাব পড়ে।
এপ্রিল ও জুনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দফা যুদ্ধবিরতি হয়েছিল। তবে দুবারই অল্প সময়ের মধ্যে তা ভেঙে যায়।