যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার প্রতিনিধিদলগুলো পৌঁছাবে এবং শনিবার থেকে আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এই বৈঠককে কেন্দ্র করে রাজধানীতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশপাশে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, যেখানে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে বহু স্কুল-কলেজ ও দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রতিনিধিদলগুলোর আবাসনের জন্য নির্ধারিত সেরেনা হোটেল ইতোমধ্যে ১২ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হোটেল ঘিরে প্রায় তিন কিলোমিটার এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে এনে কার্যত লকডাউন করা হয়েছে।
এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। অন্যদিকে ইরানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী।