পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারতীয় সমর্থিত গোষ্ঠীর’ ১৪ জন সদস্য নিহত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) খুজদার জেলার জেহরি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় গণমাধ্যম জিও নিউজ জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়ার পর পাকিস্তান সেনা অভিযানে নামে। গোলাগুলিতে অন্তত ১৪ জন নিহত ও আরও ২০ জন আহত হয়। বর্তমানে এলাকায় অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করে প্রতিরোধের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে।
এর কয়েক দিন আগেও বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আইবিও) এক অভিযানে সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ওই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের সঙ্গে তীব্র গোলাগুলি হয়।
এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। এ সময় ৩২৯টি সহিংস ঘটনায় অন্তত ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৫১৬ জন বা ৫৭ শতাংশই ছিল সন্ত্রাসী। বাকি ২১৯ জন সাধারণ নাগরিক এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে—যা দেশের মোট সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি।