ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক বিশাল জনসভায় পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬ জন শিশু, ৯ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা। তিনি দেরিতে মঞ্চে পৌঁছালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিজয় বক্তব্য শুরু করার পর ভিড় আরও বাড়তে থাকে এবং অনেকে জ্ঞান হারাতে শুরু করেন। তখন তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষদের পানি দিতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়ি শুরু হয়ে বহু মানুষ পদদলিত হন। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেও দেরি হয়।
পুলিশ জানিয়েছে, ওই সভায় অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিল। খবর পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে, এই ঘটনার পর ক্ষমতাসীন দল ডিএমকে থালাপতি বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে এবং তার গ্রেফতারের দাবি জানিয়েছে।