সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে যুবরাজ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শান্ত করতে সংলাপের কোনো বিকল্প নেই। পাশাপাশি বিরোধ মেটাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব পক্ষের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে একই ফোনালাপে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় এমন সময়ে এ ফোনালাপ হলো। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই পরিস্থিতি শান্ত রাখতে আলোচনার পথ বেছে নেওয়ার বার্তা দিয়েছে রিয়াদ।
এর আগে ট্রাম্প জানান, আলোচনা এগোনোর কারণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির কাঠামোও তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সৌদি আরব বলছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানো এবং আলোচনার পরিবেশ ধরে রাখাই এখন সবচেয়ে জরুরি।