সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে যাচ্ছে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে।
কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে জানিয়ে মিল্লাত বলেন, তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে।
তৃতীয় টার্মিনালের নির্মাণ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও বিমান পরিচালনার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সৌজন্য সাক্ষাতে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।