মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে ওভাল অফিসে বৈঠকে অংশ নেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং যুক্তরাষ্ট্রে লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদ। বৈঠক শেষে ট্রাম্প জানান, আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে।
তিনি আরও বলেন, শিগগিরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তার আশা, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বড় ধরনের শান্তি চুক্তির পথ তৈরি করবে—যে দুই দেশ ১৯৪৮ সাল থেকেই সংঘাতে জড়িয়ে আছে।
উল্লেখ্য, গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইতোমধ্যে উভয় পক্ষ থেকেই তা একাধিকবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ানো হচ্ছে। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’ একইসঙ্গে তিনি জানান, ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মরক্ষায় লেবাননকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।