কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে ট্রাম্পের এমন বক্তব্যের কথা জানিয়েছে।
শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেবেন তিনি।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, সেখানে যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে এবং ওয়াশিংটন চাইলে কোনো জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।
একই দিন জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে চায়। তবে ওয়াশিংটনের চাওয়া শর্তগুলো মেনে নেওয়ার মতো অবস্থানে তেহরান এখনো পৌঁছায়নি বলে মন্তব্য করেন তিনি।
ইরানের সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের হাতে বর্তমানে অর্থ নেই এবং দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীও নেই। এমনকি সেনা ও পুলিশ সদস্যদের বেতন দেওয়ার ক্ষেত্রেও দেশটি সমস্যায় রয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, দেশটির মুদ্রাস্ফীতি ৩৫০ শতাংশে পৌঁছেছে।