রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে বারাক বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। তার আশঙ্কা, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু নতুন কোনো নিরাপত্তা সংকট বা সামরিক উত্তেজনাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন।
বারাকের ভাষ্য, বর্তমান সরকার সংঘাতের রাজনীতি থেকে বের হতে চাইছে না। তিনি মনে করেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে নির্বাচনী প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।
ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মতে, এত সংঘাত ও সামরিক পদক্ষেপের পরও ইসরাইল কাঙ্ক্ষিত কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি।
বারাকের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। দলটির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছেন। কেউ কেউ তার বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছেন।
উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই ইসরাইলে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি, চলমান যুদ্ধ এবং নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা বিভিন্ন আইনি অভিযোগ নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে।