দেশপ্রেমের গল্পে নির্মিত হচ্ছে ‘সোলজার’ সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে নির্মাতা নিশ্চিত করেছেন—এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
গত ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। পরিচালক জানান, গল্পের প্রয়োজনেই এই শিল্পীদের নেওয়া হয়েছে। তিনি বলেন,“তানজিন তিশার এটি বড় পর্দায় প্রথম কাজ। আমরা খুবই আশাবাদী। দর্শক তাকে বড় পর্দায় ভিন্নভাবে দেখতে পাবেন। ঐশীও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। আশা করি, সিনেমাটি দর্শকের মন ছুঁয়ে যাবে।”
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’-এ আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ একাধিক গুণী শিল্পী। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
তানজিন তিশার বড় পর্দায় অভিষেকের জল্পনা চলছিল অনেক দিন ধরেই। দুই বছর আগে গুঞ্জন উঠেছিল—তিনি শাকিব খানের নায়িকা হিসেবে আসছেন, যদিও তখন সেটি সত্যি ছিল না। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিচ্ছে।
অন্যদিকে, ঐশীকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। গত বছর আসিফ ইসলামের ‘যাত্রী’ সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও তা আর বাস্তবায়িত হয়নি।
এছাড়া, তিশার ভারতীয় সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথাও শোনা গিয়েছিল, যেখানে বলিউড অভিনেতা শরমন জোশির সঙ্গে তাকে দেখা যাওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে সেটির শুটিং শুরু না হওয়ায় প্রকল্পটি অনিশ্চয়তায় পড়ে।
এবার ‘সোলজার’ দিয়েই তিশা পা রাখছেন বড় পর্দায়—আর দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার এই নতুন যাত্রার জন্য।