জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আবার ফিরছে তার ১৯তম সিজন নিয়ে। গতকাল রাতে সালমান খানের উপস্থাপনায় আসন্ন মৌসুমের টিজার প্রকাশিত হয়েছে, যেখানে এবার শো-এর মূল থিম হিসেবে থাকছে “ঘরওয়ালো কি সরকার”। এই থিম অনুযায়ী, এবার আর শুধু ‘বিগ বস’ নয়—ঘরের প্রতিযোগীরাই গঠন করবে নিজস্ব সরকার এবং সিদ্ধান্ত নেবে সম্মিলিতভাবে।
সালমান খান নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই নতুন মৌসুমের ঘোষণা দিয়ে টিজার শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “নতুন সিজনে ফিরছি। এবার ঘরের লোকরাই গড়বে তাদের সরকার।” টিজারে তাকে একজন রাজনৈতিক নেতার সাজে দেখা যায়, যেখানে তিনি বলেন, “বন্ধু এবং শত্রুরা প্রস্তুত হও, কারণ এবার তৈরি হবে ঘরের সরকার।”
শোটি সম্প্রচারিত হবে ২৪ আগস্ট থেকে জিও হটস্টার ও কালারস টিভিতে। যদিও এখনো প্রতিযোগীদের পূর্ণ তালিকা প্রকাশ হয়নি, তবে টেলিভিশনের পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বাস্তব জীবনের কিছু দম্পতিও এবারের প্রতিযোগীদের তালিকায় থাকতে পারে বলে গুঞ্জন উঠেছে।
এবারের সিজনের থিম “রিওয়াইন্ড”—যার অর্থ হচ্ছে পুরনো সিজনের কিছু স্মরণীয় মুহূর্ত ও উপাদান আবার ফিরে আসবে। দর্শকরা আবারও দেখতে পাবেন সিক্রেট রুম, এবং খাবার-পানীয় নিয়ে টাস্ক। পাশাপাশি, মনোনয়ন প্রক্রিয়া ও উচ্ছেদের নিয়মেও আসছে বড় পরিবর্তন। দর্শকদের অংশগ্রহণের মাধ্যমে মনোনয়ন হতে পারে, যা বাড়াবে উত্তেজনা ও অনিশ্চয়তা।
সব মিলিয়ে, 'বিগ বস ১৯' এবার আরও বেশি নাটকীয়তা, রাজনীতি আর চমক নিয়ে হাজির হতে চলেছে।