বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, গুলশানের রাজনৈতিক কার্যালয় ডিপ্লোমেটিক জোনে অবস্থিত—তাই কেউ অনুসারী নিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন না। শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থিতা চূড়ান্তের প্রক্রিয়ায় মাঠে নেমেছে। এর অংশ হিসেবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
রোববার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বৈঠকে অংশ নেন এবং প্রার্থীদের আচরণ ও শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, “এই অফিসটি ডিপ্লোমেটিক জোনে অবস্থিত। তাই কেউ অনুসারী বা জনসমাগম নিয়ে এখানে আসবেন না। দলের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার স্বার্থে এমন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।”
বৈঠক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু মনোনয়নপ্রত্যাশী নেতার অনুসারীরা গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে ভিড় তৈরি করেন। এতে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তারেক রহমান আরও জানান, প্রার্থিতা নির্ধারণে আবেগ নয়, বরং যোগ্যতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক রিপোর্টকে গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে এবং সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।
বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই প্রায় ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।