বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিন সদস্যের নির্বাচন কমিশন ১৭১ জন কাউন্সিলরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।
তবে গঠনতন্ত্র অনুসারে তালিকায় ১৭৭ জন থাকার কথা ছিল। নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সময়মতো কাউন্সিলর ফর্ম জমা না দেওয়ায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।
তালিকায় বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), সাবেক সভাপতি ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি) এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব) কাউন্সিলর হিসেবে রয়েছেন।
ঢাকার বাইরে বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী, রাজশাহী থেকে মো. হাসিবুল আলম, রংপুর থেকে মো. হাসানুজ্জামান, খুলনা থেকে খান আব্দুর রাজ্জাক, বরিশাল থেকে মো. নান্নু মিয়া এবং সিলেট থেকে রাহাত শাম্স তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাব থেকেও কাউন্সিলর চূড়ান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন এবং ব্রাদার্স থেকে ইশরাক হোসেন।
এ ছাড়া বিভিন্ন পর্যায়ের ক্লাব ও প্রতিষ্ঠান থেকেও কাউন্সিলর মনোনীত হয়েছেন। যেমন—ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মো. সানোয়ার হোসেন (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স), দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকেও কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সেলিম শাহেদ, খ্যাতনামা নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি এবং একঝাঁক সাবেক ক্রিকেটার—জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল প্রমুখ রয়েছেন।
সাবেক অধিনায়ক কোটায় বিসিবি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন—গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। চমক হিসেবে কুমিল্লা জেলা থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও ভোটার হয়েছেন।