ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি দেশটির জনগণের দৃঢ় সমর্থনের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরানের জনগণ বিজয় অর্জন করেছে। তাঁর মতে, বিশ্ববাসীর কাছে এখন সাম্রাজ্যবাদী শক্তির পতন পরিষ্কারভাবে দৃশ্যমান। শুক্রবার (১০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে প্রকাশিত এক বার্তায় তিনি সাম্প্রতিক সংঘাতের বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে ইরানি জনগণের ধৈর্য, ত্যাগ ও প্রতিরোধের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
বার্তার শুরুতেই কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অনুগ্রহ। এরপর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ইরানের জনগণ সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে এবং ইসলামি প্রজাতন্ত্র একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এই অর্জন শহিদদের আত্মত্যাগ, নির্যাতিত মানুষের ধৈর্য এবং জাতির সম্মিলিত সংগ্রামের ফল। মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, সেই ট্র্যাজেডি জাতিকে আরও ঐক্যবদ্ধ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিনে মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭০ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও তিনি স্মরণ করেন।
মোজতবা খামেনি বলেন, এই অর্জনের প্রকৃত মূল্যায়ন হবে একটি শক্তিশালী ইরান গঠনের মাধ্যমে। তিনি সবাইকে সামাজিক ও ধর্মীয় পরিসরে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আলি খামেনির বক্তব্য স্মরণ করে তিনি বলেন, জাতীয় ঐক্যই শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে এই ঐক্য আরও দৃঢ় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, বিভিন্ন মত ও গোষ্ঠীর মানুষের মধ্যে দূরত্ব কমছে, এবং সবাই একত্রিত হয়ে দেশের স্বার্থে কাজ করছে।