মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে তার রাজনৈতিক উত্তরাধিকার একজন “শান্তির দূত” হিসেবেই প্রতিষ্ঠিত হোক—এটাই তার প্রত্যাশা। শনিবার (২৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিজের উত্তরাধিকার কেমন হবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নিজের মুখে বলা সহজ নয়। তবে তিনি চান, ইতিহাস তাকে একজন মহান শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবেই মনে রাখুক।
তিনি আরও বলেন, তার বিশ্বাস—তিনি একজন প্রকৃত শান্তিস্থাপক। যদিও বর্তমান পরিস্থিতিতে তা স্পষ্টভাবে বোঝা নাও যেতে পারে, তবুও তিনি মনে করেন শান্তি প্রতিষ্ঠার দিকেই তিনি কাজ করছেন।
অন্যদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার ট্রাম্প দাবি করেন—ইরানে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের এখনও ৩ হাজার ৫৫৪টি সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে, যা দ্রুতই সম্পন্ন করা হবে। একই সঙ্গে তিনি বলেন, একসময় শক্তিশালী হিসেবে পরিচিত ইরান এখন আগের মতো অবস্থানে নেই।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, সংঘাত এখনও শেষ হয়নি, তবে এটি শেষ করা প্রয়োজন। এর আগেও তিনি একাধিকবার ইরানের বিরুদ্ধে বিজয়ের দাবি করেছেন। গত মঙ্গলবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যেও তিনি বলেন, ‘আমি সাধারণত এমন কথা বলতে চাই না, তবে আমরা জিতেছি।’