ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে একাধিক বিমান আগুনে জ্বলছে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। মেহরাবাদ বিমানবন্দরটি ইরানের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এবং দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
শুক্রবার (৬ মার্চ) তোলা স্যাটেলাইট ছবিতেও দেখা যায়, ওই সময় বিমানবন্দরের রানওয়ে ও পার্কিং এলাকায় একাধিক বিমান অবস্থান করছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের কয়েকটি নির্দিষ্ট অংশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। এর আগেও গত ৪ মার্চ মেহরাবাদ বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। সে সময় ইসরায়েলের দাবি ছিল, হামলায় এমন প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা ধ্বংস করা হয়েছে যা তাদের বিমানবাহিনীর জন্য হুমকি তৈরি করছিল। বিমানবন্দরের হেলিকপ্টার উৎপাদনসংক্রান্ত কিছু স্থাপনাও ওই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়।
তবে সর্বশেষ হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে তা এখনো পরিষ্কার নয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতের গোলাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি তীব্র ছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চলছে। আনুষ্ঠানিকভাবে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা বলা হলেও বাস্তবে বিভিন্ন বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে হরমুজগান প্রদেশের মিনাব জেলায় একটি মেয়েদের স্কুলে হামলায় অন্তত ১৭৫ জন ছাত্রী ও কর্মী নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সূত্র।
সূত্র: বিবিসি