ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে।
শুক্রবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, হামলার পর এখনো এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একই সময় ইরান তেল আবিবেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ফুটেজে দেখা যায়, তেল আবিবের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এসব প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
এদিকে ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে নিজের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমা নয়; লক্ষ্য অর্জনই এখন প্রধান বিষয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরদিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, চার সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হওয়ার আশা করছেন তিনি।
পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth জানান, সংঘাতের মেয়াদ আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।
তবে বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী Time–কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি বেঁধে দেননি। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বন্ধ করা হয়।