ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,
“আমরা ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছি। তবে বর্তমান প্রশাসনের কাঠামোয় কোনো নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের সংস্কার অপরিহার্য।”
তিনি বলেন, ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন দাবি করে আসছে। এ ব্যবস্থায় কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হবে না; বরং জাতীয় ঐকমতের সংসদ প্রতিষ্ঠিত হবে। এখানে বলপ্রয়োগ, কেন্দ্র দখল বা কালো টাকার প্রভাবের সুযোগ থাকবে না।
ডাকসু নির্বাচনের প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, “ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। বহুদিন ধরে মুসলমানরা এখানে প্রান্তিক ছিল। এবার বামদের পতনের মাধ্যমে ইসলামপন্থীরা বিজয় অর্জন করেছে।”
তিনি আরও বলেন, ক্যারিয়ার শুধু জীবিকা নির্বাহের জন্য নয়; এর লক্ষ্য হওয়া উচিত দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।
ইউসুফ আহমদ মনসুর বলেন, “সব বাধা অতিক্রম করে আমরা ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করেছি। আমরা সত্য, শুদ্ধতা ও স্নিগ্ধতার পথে অটল। জনগণকে আহ্বান জানাই আমাদের বুঝতে, পড়তে ও দেশের উন্নয়নে পাশে থাকতে।”
এছাড়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আহম্মদ আলী, ডা. এইচ. এম. মোতাজুল করিম, আশিকুল ইসলাম, আহমাদ আব্দুল জলিল, অ্যাডভোকেট জমারত আলী, মোহাম্মদ হিরা সরকার, আলহাজ্ব আনোয়ার খান এবং আলহাজ্ব মো. নুর আলম বিশ্বাস উপস্থিত ছিলেন।