সোমবার (৪ মে) দুপুরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কোতোয়ালি থানাধীন পৌরসভা, কাঠালতলী, বনরুপা ও সংলগ্ন এলাকায় রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখা হয়।
জানা গেছে, সকালে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেন। একই সময়ে নতুন কমিটির সমর্থকেরা পৌরসভা এলাকায় আনন্দ মিছিলের প্রস্তুতি নেন।
পরে উত্তেজনা বাড়লে পদবঞ্চিতদের দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয় এবং দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে এলাকায় কোনো অস্থিরতা নেই। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে নিয়ন্ত্রণে কাজ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্যদের নির্দিষ্ট এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী ১৪৪ ধারা আজ রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে শুক্রবার (১ মে) নতুন কমিটি ঘোষণা হলে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে পদবঞ্চিতরা অবরোধ ও বিক্ষোভ করেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও সোমবার ফের উত্তেজনা তৈরি হয়, যা শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপে নিয়ন্ত্রণে আসে।