আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। দল সংখ্যা বাড়ায় ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে, যা বিশ্বকাপকে আরও বড় পরিসরে নিয়ে গেছে।
বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে প্রতি আসরেই তৈরি হয় আলাদা উৎসবমুখর পরিবেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি কিংবা পর্তুগালের সমর্থকদের মধ্যে চলে বাড়তি উন্মাদনা। শহর থেকে গ্রাম পর্যন্ত চায়ের দোকান, ক্যাম্পাস ও বাসাবাড়িতে রাত জেগে খেলা দেখার প্রস্তুতি শুরু হয়ে যায়।
টিভি সম্প্রচারের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপ থেকেও সরাসরি বিশ্বকাপ উপভোগ করা যাবে। ফলে মোবাইল ও স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরাও সহজে খেলা দেখতে পারবেন।
এবারের বিশ্বকাপ চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। বড় দলগুলোর লড়াই ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে, আর বাংলাদেশেও বাড়ছে ফুটবল উন্মাদনা।