প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহানা আসিফ আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে একই দিন বিকেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী, পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বে সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়; জোটসঙ্গীরা পায় আরও ৩টি আসন। এবারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবন প্রাঙ্গণে হওয়ায় তা ছিল ব্যতিক্রমী।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও অংশ নেন।