আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। নির্বাচনের সময় ইতোমধ্যে ঘোষণা করেছি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
গত মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যাগুলো শোনা হয়েছে এবং ন্যায্য অভিযোগগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি, বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে যুক্ত রাখতে বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।
অর্থনীতির পুনরুদ্ধারে প্রবাসীদের অবদানের প্রশংসা করে ড. ইউনূস বলেন, “দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তিকর। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “এবার প্রবাসীরা নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। সবাই ভোটার হবেন, ভোট দেবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন।”
সভায় প্রবাসীদের বেশ কয়েকটি সমস্যার বিষয়েও আলোচনা হয়, যার মধ্যে রয়েছে—দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা প্রদান, অনিয়মিত প্রবাসীদের বৈধকরণ, এবং মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি। বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।