শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে জুলাইয়ের জনআকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তার ভাষায়, সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্য থেকেই নির্বাচনী অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়।
তিনি আরও বলেন, সংবিধানকে নিজেদের ইচ্ছামতো পরিবর্তনের মাধ্যমে একটি কঠোর রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সংসদে বিরোধী মতকে কার্যত দমিয়ে রাখা হচ্ছে, যার কারণে ১১ দলীয় ঐক্য জনগণের স্বার্থে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।
জামায়াত আমির অভিযোগ করেন, গণভোটের ফল প্রত্যাখ্যানের মধ্য দিয়ে দেশে নতুন ধরনের স্বৈরাচারী প্রবণতার সূচনা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বাড়িয়ে গণতান্ত্রিক কাঠামো দুর্বল করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের দাবি নিয়ে জামায়াত সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে তারা আন্দোলন চালিয়ে যাবেন।