শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইতোমধ্যে পৌঁছেছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে খামারবাড়ি মোড় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জনসমাগমের কারণে খামারবাড়ি থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে ডান পাশের লেন দিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। বহরটি কেআইবি এলাকায় প্রবেশ করার পর ওই মোটরসাইকেল আরোহী বন্ধ থাকা লেন দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে দেন। পরে মোটরসাইকেলসহ যুবকটিকে তেজগাঁও থানা পুলিশের কাছে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে যুবকটি পুলিশকে জানিয়েছেন, ওই লেনটি যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে, বিষয়টি তার জানা ছিল না। ঘটনার সময় পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওসি মনিরুজ্জামান বলেন, যুবকটির পূর্বে কোনো অপরাধমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে কি না, তা যাচাই করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে কেন তিনি নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তার বক্তব্যসহ অন্যান্য বিষয় যাচাই করে পরবর্তী আইনগত বা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।