রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই বার্তা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন।
জামায়াত আমির পোস্টে বলেন, তারেক রহমানের আগমন আমাদের জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি সংলাপ এবং দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায়ের সূচনা করবে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যা ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত।
জামায়াত ও তার জোট একত্রে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ার জন্য কাজ করবে।
সাক্ষাতের সময় তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জামায়াত আমির এটি সাধুবাদ জানান। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের কাজে আমরা নির্বাচিত সরকারকে সহযোগিতা দেব, কিন্তু আদর্শিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমর্থন থাকলেও যেখানে জবাবদিহিতা প্রয়োজন, সেখানে আমরা সোচ্চার থাকব।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব।