আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে অন্তত ২৯টি জেলায় দলটির নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতির তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ ও খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহন ও পুলিশের গাড়িতে আগুন এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন করে এসব তৎপরতার আশঙ্কায় রাজধানীর আশপাশের এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ছাত্রলীগ থেকে বহিষ্কারের পর তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারী হিসেবে রাজনীতি করতেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সংগঠনটির দৃশ্যমান তৎপরতা কম থাকলেও ডিসেম্বরকে সামনে রেখে মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি চলছে। এ উদ্যোগের পেছনে জাহাঙ্গীর আলমের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির মোড়লের নামও সম্ভাব্য কর্মসূচি ঘিরে আলোচনায় এসেছে। ১৯ নভেম্বর সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও শ্রীপুরের কয়েকটি এলাকায় দায়িত্ব বণ্টনের কথাও জানা গেছে। এসব কর্মকাণ্ডে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। নাসির মোড়লের অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ভিডিওতে ডিসেম্বরের কর্মসূচি ঘিরে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান এবং কোথাও থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেখা গেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারেও সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর অনুসারীদের তৎপরতা নিয়ে খোঁজখবর চলছে। স্থানীয় পর্যায়ে তাঁদের সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টার আলোচনা রয়েছে। নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী ওয়ালীউল্লাহ গ্রেপ্তারের পর তাঁর জায়গায় আলী হোসেন চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে, রাজধানীর প্রবেশপথ ও শিল্পাঞ্চল হওয়ায় রূপগঞ্জেও সম্ভাব্য অবরোধ ও নাশকতা ঠেকাতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এদিকে পুলিশের কয়েকজন কর্মকর্তা এবং সচিবালয়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। শিগগিরই কয়েকটি জেলার জেলা প্রশাসক পদেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।