বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের। এ সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভিসা প্রক্রিয়া সহজ করা গুরুত্বপূর্ণ।
সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতি তাকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে ভিয়েতনাম যাওয়ার স্মৃতিও তুলে ধরেন রাষ্ট্রপতি। সে সময় পাওয়া উষ্ণ আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি দুই দেশের জনগণের ঐতিহাসিক বন্ধন আরও দৃঢ় করার আশা প্রকাশ করেন।
দুই দেশের বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও উভয়ের জন্য লাভজনক করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রপ্তানি বাড়াতে ভিয়েতনামের সহযোগিতা চেয়ে তিনি দেশটিতে বাংলাদেশি পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান।
বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যের ভিয়েতনামে আমদানি বাড়ানোর অনুরোধ করেন তিনি।