বৃহস্পতিবার (১৬ জুলাই) কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাতিহ বিরোল বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর অন্যতম হরমুজ প্রণালীর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, তেল সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা এখনও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক মাস আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে। ওই সমঝোতার অন্যতম লক্ষ্য ছিল আঞ্চলিক সংঘাত কমানো এবং যুদ্ধবিরতি কার্যকর রাখা।
আল-জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় মার্কিন হামলায় অবকাঠামোগত স্থাপনাগুলো ক্রমেই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ইরান দাবি করেছে, সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ঘাটতির কারণে তারা হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেনি।
এদিকে, ইরানের ফার্স সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির এলাকায় একটি সেতুতে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। পাশাপাশি জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী।