মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালী অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। তাদের মূল লক্ষ্য হলো সংঘাত চলাকালে পোঁতা মাইন সরিয়ে একটি নিরাপদ সমুদ্রপথ তৈরি করা।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, খুব শিগগিরই একটি নিরাপদ নৌকরিডর চালু করে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পথ উন্মুক্ত করার চেষ্টা চলছে।
তবে সামরিক সতর্কতা এখনো পুরোপুরি শেষ হয়নি। মাইন বিস্ফোরণের ঝুঁকির পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও থাকায় পরিস্থিতি এখনো সংবেদনশীল বলে মনে করছে কর্তৃপক্ষ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে হরমুজ প্রণালী পরিষ্কারের কাজ চলছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক, প্রায় ৩০টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পেরেছে।