রোববার (১৩ সেপ্টেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে বিষয়টি তুলবেন কি না, জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প।
চীনের গুপ্তচরবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের ওপর নজরদারি করে, আবার যুক্তরাষ্ট্রও চীনের ওপর একই ধরনের গোয়েন্দা তৎপরতা চালায়।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, জর্ডানের মুওয়াফিক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ইরান চীনা কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। গত ১৭ জুলাইয়ের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় চীনের সহায়তা মার্কিন সেনাদের মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা রাখার সবচেয়ে স্পষ্ট প্রমাণগুলোর একটি হলো এই স্যাটেলাইট ছবি সংগ্রহের ঘটনা। তবে ট্রাম্প প্রকাশিত ওই দাবিকে গুরুত্ব দেননি।