মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালি শুধু একটি সমুদ্রপথ নয়, এটি ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গেও জড়িত। তাই এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে দেশটির সশস্ত্র বাহিনী কোনো ধরনের আপস করবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি এবং সামরিক চাপের মুখে ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। বরং দেশের জনগণের অধিকার রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহতদের প্রসঙ্গ তুলে আকরামিনিয়া বলেন, বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইরান অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ ও শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা দৃঢ় অবস্থানে রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ পরিস্থিতি এখন আন্তর্জাতিক অঙ্গনেরও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সূত্র: দ্য ডন।