ইহুদিদের ধর্মীয় শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে এ বছর আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের বড় ধরনের প্রবেশের ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে আল-আকসা মসজিদ এলাকায় প্রবেশ করেন বেন-গভির। ইহুদিদের ধর্মীয় ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ দিন তিশা বাব উপলক্ষে তিনি সেখানে যান।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন , মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি অংশ ইহুদি ধর্মীয় রীতিতে বিভিন্ন আচার পালন করে। তাদের গান গাইতে, মাটিতে নতজানু হতে এবং প্রার্থনা করতে দেখা গেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
তিশা বাব মূলত প্রাচীন জেরুজালেমে ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির ধ্বংসের ঘটনাকে স্মরণ করে পালন করা হয়। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী, ওই মন্দিরগুলোর অবস্থান ছিল বর্তমান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে, যেটিকে তারা ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে।
এদিকে আল-আকসার প্রবেশপথগুলোতে ইসরায়েলি বাহিনী কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অনেক ফিলিস্তিনি ও শিক্ষার্থীকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় কয়েকজনের ওপর হামলার অভিযোগও উঠেছে।
আল-জাজিরার এক সাংবাদিক জানান, জেরুজালেমের পুরোনো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বয়স্ক ব্যক্তিদের ছাড়া অধিকাংশ ফিলিস্তিনির আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম ও কালান্দিয়া এলাকার বিভিন্ন তল্লাশিচৌকিতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।