ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গাজার যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বার্তা দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে গাজার যুদ্ধ থামাতে হবে।”
তিনি উল্লেখ করেন, ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলো অস্ত্র সরবরাহ করে না, তাই তাদের পক্ষে সরাসরি যুদ্ধ থামানো সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ সরঞ্জাম জোগায়, আর প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে সেটির ওপর প্রভাব বিস্তার করে যুদ্ধ বন্ধ করতে পারেন।
এদিন জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। একইসাথে তিনি দাবি করেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘটিয়ে শান্তি আলোচনার সূচনা করা উচিত।
ম্যাকরন ট্রাম্পের বক্তব্য নিয়ে মন্তব্য করে বলেন, “আমি দেখছি একজন মার্কিন প্রেসিডেন্ট পডিয়াম থেকে ঘোষণা করছেন যে তিনি শান্তি চান এবং সাতটি সংঘাত সমাধান করেছেন। কিন্তু নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব হবে, যদি তিনি সত্যিই এই যুদ্ধ থামাতে সক্ষম হন।”
এদিকে, ইসরায়েল, পাকিস্তান ও কাম্বোডিয়াসহ কয়েকটি দেশ ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্পও দাবি করেছেন, তিনি এই সম্মানের যোগ্য, যেটি অতীতে চারজন মার্কিন প্রেসিডেন্ট অর্জন করেছিলেন।
ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি ও স্থিতিশীলতার জন্য যা করেছেন, তা জাতিসংঘে উপস্থিত সবার মিলিত প্রচেষ্টার চেয়েও বেশি। আমেরিকাকে শক্তিশালী করার মাধ্যমে তিনি বিশ্বকে স্থিতিশীলতার পথে নিয়ে যাচ্ছেন।”