প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত থেকে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বান্দার আব্বাস ও সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় গণমাধ্যমের দাবি, এসব বিস্ফোরণ মার্কিন বাহিনীর বিমান হামলার সময় ঘটে।
এদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ প্রয়োজনীয় নির্দেশনা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়।
অন্যদিকে, অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইসরায়েলের সামরিক কার্যক্রমে সহায়তার জন্য অতিরিক্ত আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েনের পরিকল্পনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার ইরান দাবি করে, তারা সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইতিবাচক ফল দিচ্ছে এবং এর প্রভাব অচিরেই স্পষ্ট হবে বলে তিনি আশা করছেন।