রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আবারও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে তেহরান। ইরানপন্থি গোষ্ঠীগুলোর ওপর আক্রমণ বন্ধ না হলে উত্তেজনা ফের বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
রোববার গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরানের দাবি, বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়।
এর পাল্টায় ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়। তবে দুই দেশই জানিয়েছে, এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, দুই পক্ষই যুদ্ধবিরতির পথে এগোতে আগ্রহী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলছে এবং উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান।
এদিকে, ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপও হয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি সূত্র। সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন।