ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে বলেন, যদি ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বন্ধ না করে, তবে কানাডা এই পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে যাবে।
তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ। তবে ফিলিস্তিনকেও কিছু শর্ত পূরণ করতে হবে—২০২৬ সালের মধ্যে গাজায় নির্বাচন আয়োজন করতে হবে এবং সেখানে হামাস অংশ নিতে পারবে না।
গত সপ্তাহে ফ্রান্স এবং এর পর যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে কানাডাও সেই তালিকায় যুক্ত হলো।
বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে, আর কানাডার সিদ্ধান্ত এই প্রবণতা আরও দৃঢ় করবে। তবে এই স্বীকৃতি কি শান্তির পথে এগিয়ে নেবে, না কি সংঘাত আরও জটিল করবে—তা এখন সময়ই বলে দেবে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা