যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা কমেনি। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ইরান। পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শনিবার (২৫ এপ্রিল) দেশ ত্যাগ করে ইরানি প্রতিনিধি দল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে দেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার ইচ্ছা নেই।
অন্যদিকে ইরানের অনীহার কারণে ইসলামাবাদ সফর বাতিল করে যুক্তরাষ্ট্রও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সম্ভাব্য সফর স্থগিত করা হয়। ট্রাম্পের মতে, এমন পরিস্থিতিতে এই সফর সময়ের অপচয়ই হতো।
ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় দীর্ঘ সফরের প্রয়োজন নেই। ইরান চাইলে নিজেরাই যোগাযোগ করতে পারে—এই ইঙ্গিত দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন আর আলোচনায় তাড়াহুড়ো করতে আগ্রহী নয়।
এ অবস্থায় ইরানি প্রতিনিধিদলের ফিরে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের সফর বাতিল—দুই পক্ষের অবস্থান আরও স্পষ্ট করেছে। ফলে দ্বিতীয় দফার সংলাপ অনিশ্চিত হয়ে পড়েছে, আর যুদ্ধবিরতি কতদিন টিকবে, তা নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।