রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে আরাগচি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইউরোপকে জড়ানোর উদ্দেশ্যে ইসরায়েলের নির্দেশনায় এই হামলা চালানো হয়েছে।
তবে কিয়েভের দাবি, হামলাটি ইরানের জাহাজকে লক্ষ্য করে চালানো হয়নি। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সামরিক পণ্য পরিবহনকারী জাহাজকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে বলে জানিয়েছে তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে।
রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। ইউক্রেন ও তার মিত্ররা এর আগে অভিযোগ করে আসছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করা হচ্ছে।