ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, গত মার্চে একটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের সদস্য কিংবা কূটনৈতিক প্রতিনিধিদের যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইরান।
শনিবার (১৫ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বক্তব্যে বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ইরানি কোনো জীবিত বিমানকর্মী কাতারের হেফাজতে নেই। এমন সময়ে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আসায় কাতার বিস্মিত বলেও জানান তিনি।
ইরানের সংবাদমাধ্যম ফারস জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো চিঠিতে তিন পাইলটের বিষয়ে অভিযোগ করেছেন। তাদের নাম জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ানের বলে জানানো হয়েছে।
চিঠিতে ওই তিন পাইলটের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলে তাদের বিষয়ে তথ্য জানতে আন্তর্জাতিক মানবিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে ইরান জানিয়েছিল, কাতারে পরিচালিত একটি মিশনের পর তাদের একজন পাইলট নিহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ পাইলটদের কাতার আটক করে রেখেছে—এমন দাবি আগে বিস্তারিতভাবে প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে কাতারের বক্তব্য অনুযায়ী, মার্চে অনুমোদন ছাড়া তাদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ইরানি যুদ্ধবিমানের সঙ্গে বিমান প্রতিরক্ষা বাহিনী যোগাযোগের চেষ্টা করে। কোনো সাড়া না পাওয়ার পর সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে উদ্ধারকারী দল একজন পাইলটের মরদেহ উদ্ধার করে এবং সেটি ইরানে ফেরত পাঠানোর বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়।