এরদোয়ান বলেন, জায়নবাদী নীতি প্রতিবেশী দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। ইসরায়েল মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি।
ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তুর্কি প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, ইসরায়েলের ‘গণহত্যার নেটওয়ার্ক’ আন্তর্জাতিক আইন, নীতি, মূল্যবোধ ও নির্ধারিত সীমারেখা উপেক্ষা করলেও এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ যথেষ্ট নয়।
এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ছে, তখন মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে তুরস্কের জোট ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
সিরিয়ার একটি বিমানঘাঁটিতে কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বিমান হামলার পর এরদোয়ান এসব মন্তব্য করেন। ওই হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সিরিয়ায় তুরস্কের সেনা মোতায়েন ঠেকানোই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল।