আজ বুধবার (১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তাবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ বর্তমানে গাজার কাছাকাছি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। এই অঞ্চলেই এর আগে আন্তর্জাতিক ত্রাণবাহী বহর আক্রমণ ও বাধার সম্মুখীন হয়েছিল।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ‘কান’ এর তথ্যমতে, ইসরায়েলি সেনা ও নৌ কমান্ডোরা যুদ্ধজাহাজ নিয়ে বহরের নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শুধু আটকানো নয়, কিছু জাহাজ ডুবিয়ে দেয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, গাজা উপকূল থেকে প্রায় ২৭৮ কিলোমিটার দূরে পৌঁছালে ইতালি তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা যুদ্ধজাহাজ ফিরিয়ে নেয় এবং বহরটির কার্যক্রম স্থগিত করার আহ্বান জানায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বহরকে এগোনো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।
নৌবহরে থাকা মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, তাদের চারপাশে ড্রোনের তৎপরতা বেড়ে গেছে। এর আগে ইসরায়েল জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা চালায়। পাশাপাশি, গাজার পথে ফ্লোটিলা আটকানোর জন্য আশদোদ বন্দরে ৫ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব। এছাড়া সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিকটবর্তী কয়েকটি হাসপাতালকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।