বুধবার (১৬ জুলাই) সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে রাজধানী দামেস্কে দুদফা বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকায়ও হামলা চালানো হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদাতেও সিরীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে একাধিক আক্রমণ করা হয়েছে।
আল জাজিরা জানায়, ড্রুজ সম্প্রদায় ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলমান থাকা অবস্থায় সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরকারি সেনা প্রত্যাহার না করলে হামলা বাড়ানোর হুমকি দেয় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় এসব হামলা চালানো হয়।
এমন উত্তপ্ত প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির বলেন, “সিরিয়ার ভয়াবহ চিত্র একটি বিষয় স্পষ্ট করে দেয়: একবার জিহাদি, সবসময় জিহাদি। যারা হত্যা করে, ধর্ষণ করে ও অপমান করে—তাদের সঙ্গে আলোচনা নয়, কেবল নির্মূলই একমাত্র সমাধান।”
তিনি আরও বলেন, “আহমেদ আল-শারারকে নির্মূল করতেই হবে। আমি ইসরায়েলের ড্রুজ নাগরিকদের ভালোবাসি, আমি তাদের উষ্ণভাবে আলিঙ্গন করি। তবে আমাদের অবশ্যই সাপের মাথা কেটে ফেলতে হবে।”
আল জাজিরার লাইভ প্রতিবেদনে আরও বলা হয়, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, “গাজা থেকে কিছু সৈন্য সিরিয়ার সঙ্গে আমাদের উত্তর সীমান্তে মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে।”
এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডার ওরি গোর্ডিন জানান,“আমরা সুওয়াইদা এলাকায় নির্ধারিতভাবে অভিযান চালাচ্ছি। দামেস্কে হামলা হয়েছে, এবং দক্ষিণ সিরিয়াজুড়ে আমরা হামলার গতি ও চাপ বাড়িয়ে চলেছি।”