এক্সে দেওয়া এক পোস্টে তালিব বলেন, তার মতে, ফিলিস্তিন, লেবানন ও ইরানে সামরিক অভিযানের অভিযোগের পরও ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়া উচিত নয়। তিনি দাবি করেন, এ খাতে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক এবং ডেমোক্র্যাট সমর্থক ইসরায়েলের জন্য সামরিক সহায়তা কমানো বা বন্ধ করার পক্ষে মত দিচ্ছেন। তাই কংগ্রেসেরও জনগণের সেই মতামত বিবেচনায় নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
প্রস্তাবিত বিলে ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের কথা বলা হয়েছে। এ প্রস্তাবের প্রতি রাশিদা তালিব ছাড়াও কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন।
বিলটির উদ্যোক্তা রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি, যিনি দীর্ঘদিন ধরে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার সমালোচনা করে আসছেন। যদিও বিশ্লেষকদের ধারণা, রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।
সূত্র: আল জাজিরা।