বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে দেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে আপার গ্যালিলিতে, বারবার সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একই দিনে অন্তত তিন দফা ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে চ্যানেল ১২, যার কারণে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তাদের হাতে সীমিত উৎক্ষেপণ ব্যবস্থা অবশিষ্ট আছে। তবে তার এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরানের একটি ক্ষেপণাস্ত্র হাইফা বন্দরে আঘাত হানে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। তিনি আরও বলেন, চলমান সংঘাত আরও দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হতে পারে, যদিও এটি ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালায়, যাতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
সূত্র: আনাদোলু